ইস্টার্ন ইউনিভার্সিটির নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক স্টাফদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মৌলিক অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউরো ভিজিল (EURO Vigil) – একটি স্বনামধন্য নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই অন-দ্য-জব প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সেশনে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোঃ শামসুল হুদা, যিনি উক্ত কার্যক্রম পরিদর্শন করেন।
প্রশিক্ষণটি তদারকি করে বিশ্ববিদ্যালয়ের লজিস্টিক বিভাগ। এ সময় লজিস্টিক বিভাগের ডেপুটি ডিরেক্টর জনাব মোহাম্মদ মনজুর-ই-এলাহী উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় করেন।
ইউরো ভিজিল-এর একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেনিং অফিসার প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের বিভিন্ন পরিস্থিতিতে করণীয়, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।
বিশেষভাবে, প্রশিক্ষণের অংশ হিসেবে নিরাপত্তা কর্মী ও স্টাফরা হাতে-কলমে অগ্নিনির্বাপণ অনুশীলনে অংশ নেন, যেখানে তারা আগুন নিয়ন্ত্রণ ও নিভানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ইস্টার্ন ইউনিভার্সিটির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Loading...








