বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “ সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা ” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ আজ ১০ মে (রবিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, এমপি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মোঃ মঈনউদ্দিন খাঁন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ গঠনে নৈতিক শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা দরকার। আলোচকবৃন্দের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারা উল্লেখ করেন, অন্তবর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি, যা দুঃখজনক। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ” সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে, জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযোগী কারিকুলাম প্রণয়ন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের জোর দাবী করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়। এসময় ইস্টার্ন ইউনিভার্সিটির ৪ জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
Loading...










