ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ ক্যাম্পাসে ‘অ্যালামনাই ইফতার ও রিইউনিয়ন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আইন অনুষদের ডিন, এ.বি.এম. ইমদাদুল হক খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন অনুষদের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ। এছাড়া অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শতাধিক অ্যালামনাই সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের কীর্তিমান শিক্ষার্থীদের মধ্যে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বিচারক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-বাংলাদেশের প্রসিকিউটর, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আইনজীবী, জেলা আদালতের অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর, করপোরেট লিগ্যাল সেক্টরের কর্মকর্তা, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত আইন বিভাগের অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী, আইন অনুষদের অ্যালামনাইদের সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের গৌরব হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অ্যালামনাই সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা শিক্ষাজীবনের স্মৃতিচারণের পাশাপাশি নিজ ক্যাম্পাসে ফিরে আসার আনন্দঘন অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে অনুষদের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরাও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে। ইফতার-পরবর্তী সময়ে মাননীয় উপাচার্যের কার্যালয়ে এক সৌহার্দ্য সাক্ষাতে অ্যালামনাই সদস্যরা তাঁদের নানাবিধ ভবিষ্যৎ পরিকল্পনা ও অনুষদের উন্নয়নসংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন।
Loading...










