ইস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুনের কার্যক্রম ১৯ জন ক্যাডেটের দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে নতুনভাবে শুরু হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার মনোভাব বিকাশে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবাগত ক্যাডেটদের শুভেচ্ছা জানান এবং বিএনসিসিতে তাঁদের অংশগ্রহণের প্রশংসা করেন।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশেষ ক্যাম্পে অংশ নিতে ইস্টার্ন ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের চারজন ক্যাডেট ২৫ অক্টোবর ক্যাম্পে যোগ দিয়েছেন। তাঁরা হলেন—ফার্মেসি বিভাগের তুষার আহম্মেদ ছিয়াম ও মো. তৌহিদ শেখ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের রুবায়েত মাহমুদ ও মো. জোবায়ের। ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কার্যক্রম ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাবেন।
ক্যাডেটদের নতুন ইউনিফর্ম সংগ্রহ, প্রস্তুতি ও ক্যাম্পে অংশগ্রহণের আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন সিএসই বিভাগের শিক্ষার্থী ক্যাডেট নোমান বিন হোসাইন ও ক্যাডেট বায়েজিদ আহমেদ।
বিএনসিসি ইস্টার্ন ইউনিভার্সিটি প্লাটুনের উপদেষ্টা, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+ (অব.), প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক এবং স্টুডেন্ট এফেয়ার্স এন্ড প্লেসমেন্ট এর উপপরিচালক কে.এম. মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় প্লাটুনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বিএনসিসির এই নতুন যাত্রা শিক্ষার্থীদের দক্ষ নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখতে সহায়তা করবে।
বিএনসিসি ইস্টার্ন ইউনিভার্সিটি প্লাটুন ৪ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট, ঢাকার অধীনে কার্যক্রম পরিচালনা করছে।
Loading...









